সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছায় শীত মৌসুম শুরু হওয়ার আগেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছেন গাছিরা।
গ্রামের বিভিন্ন স্থানে খেজুরগাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই ও গাছ কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে আগের মতো আর খেজুরগাছ পাওয়া যাচ্ছে না। দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় এ পেশার সঙ্গে জড়িতদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
একসময় ঝিকরগাছার গ্রামাঞ্চলে রাস্তার পাশে, জমির আইলে ও বাড়ির আশপাশে প্রচুর খেজুরগাছ দেখা যেত। শীত এলেই এসব গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন গাছিরা। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বিভিন্ন কারণে খেজুরগাছ কাটা পড়ছে। বিশেষ করে ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুরগাছ বিক্রি হওয়ায় গাছের সংখ্যা আরও কমছে। ফলে আগের মতো পর্যাপ্ত গাছ নিয়ে কাজ করতে পারছেন না গাছিরা।
গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি খেজুরগাছ থেকে পুরো মৌসুমে গড়ে ৭ থেকে ৮ কেজি গুড় পাওয়া যায়। তবে গাছের অবস্থা ও রসের পরিমাণের ওপর উৎপাদন নির্ভর করে। গাছ পরিষ্কার, কাটার দা, হাঁড়ি, দড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ হচ্ছে। অন্যদিকে গুড় বিক্রি করে সেই অনুযায়ী দাম পাচ্ছেন না তারা।
স্থানীয় গাছি ছাত্তার বলেন, তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে খেজুরগাছ কাটা ও রস সংগ্রহের কাজ করছেন। আগে এলাকায় অনেক খেজুরগাছ ছিল। এখন গাছ কমে যাওয়ায় আগের মতো কাজ করার সুযোগ নেই। যে কয়েকটি গাছ পাওয়া যায়, তা থেকে উৎপাদিত গুড় বিক্রি করে পুরো মৌসুমের খরচ ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর ওপর দা, হাঁড়ি ও অন্যান্য সরঞ্জামের দাম বেড়েছে। কিন্তু গুড় বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে অনেকের পক্ষেই এ পেশায় টিকে থাকা সম্ভব হবে না।
গাছিরা জানান, খেজুরের রস সংগ্রহের কাজ সহজ নয়। প্রতিদিন ভোরে গাছ থেকে রস নামানো, পরে সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরি করতে হয়। শীতের পুরো মৌসুমজুড়েই চলে এই পরিশ্রম। অথচ খরচ বাড়লেও আয় বাড়ছে না। এ কারণে অনেকেই ধীরে ধীরে পেশা পরিবর্তন করছেন।
স্থানীয়দের মতে, খেজুরের রস ও গুড় ঝিকরগাছার গ্রামীণ জীবনের পরিচিত একটি ঐতিহ্য। শীত এলেই খেজুরের রস, পাটালি ও ঝোলা গুড়ের চাহিদা বাড়ে। বাড়িতে বাড়িতে পিঠা-পুলি তৈরিতেও খেজুরের গুড়ের ব্যবহার রয়েছে। কিন্তু খেজুরগাছ কমে যাওয়ার পাশাপাশি গাছিরাও পেশা ছেড়ে দিলে ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
গাছিরা খেজুরগাছ রক্ষায় উদ্যোগ নেওয়া, নতুন গাছ লাগানো এবং উৎপাদিত গুড়ের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রয়োজনীয় সহযোগিতা পেলে এখনও এ পেশা ধরে রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.