নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর-২০২৬) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার সভাপতিত্বে এ নিয়োগ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন সকাল থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। দিনের শুরুতে পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম পুলিশ সুপার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। প্রথম দিনের পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন এবং নিয়োগের দ্বিতীয় দিনে তাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে পাঠানো সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.