নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধনসহ বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে অফিসে আসা এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে উঠেছে নানা অভিযোগ। এসব অনিয়মের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। টাকা না দিলে কাঙ্ক্ষিত সেবা পেতে বিলম্ব কিংবা নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে।
এক ভুক্তভোগীর অভিযোগ, একটি দলিল নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও তাঁর কাছে দাবি করা হয়েছে ৪০ হাজার টাকা। অতিরিক্ত ১০ হাজার টাকা কেন দিতে হবে, তা জানতে চাইলে সংশ্লিষ্ট মহুরির পক্ষ থেকে বিভিন্ন দপ্তর ও ব্যক্তিকে টাকা দিতে হয় বলে জানানো হয়।
এদিকে অফিসের কার্যক্রম সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই দুপুরের দিকে উপস্থিত হন বলে অভিযোগ রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাসময়ে অফিসে না পাওয়ায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশপুর উপজেলা সাব-রেজিস্ট্রার। তাঁর দাবি, অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। সরকারি ফি পে-অর্ডারের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। কে বা কারা অতিরিক্ত টাকা নিচ্ছে, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।
অন্যদিকে, সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ওঠা একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দলিলের ফটোকপি সংগ্রহ করা হয়েছে। দলিলের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহের কাজ চলছে।
তিনি জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে যথাযথ আইনি প্রক্রিয়ায় কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সরকারি সেবাপ্রতিষ্ঠানে এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা এবং সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের প্রশ্ন—জমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে কেন অতিরিক্ত টাকা দিতে হবে? আর অভিযোগের তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.