স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ কল পেয়ে অভিযুক্ত অভিভাবককে আটক করে পুলিশ।
আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। ইউনুস আলী বর্তমান ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে তার দলীয় কোনো পদ-পদবি নেই বলেও জানায় সূত্রটি। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান সহ সহকারী ১২ শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট দেয়া হয়। নির্বাচনী পরীক্ষায় আরফিন আহমেদ নামে এক শিক্ষার্থীর ৬ বিষয়ে ফেল করে। শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করে আরফিন আহমেদের বাবা ইউনুস আলী। কোন কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে থাপ্পর দেয়া শুরু করেন। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় থেকে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ইউনুস আলীকে আটক করে।
অভিযোগে আরও বলা হয়, ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে এক স্থানীয় নেতা নানা সময় বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে কটু কথা বলে থাকেন। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ রুমে প্রবেশ করেন ইউনুস আলী। কোনো কিছু বুঝে উঠার আগেই ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর গালে চড় বসিয়ে দেন। পরে অন্য শিক্ষকরা রুমে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে রুমে আসেন ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে কথিত এক নেতা। এ সময় তাদেরকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীতে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.