নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর-২০২৬) যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া ও কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ঘোপ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মোঃ বাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তির দখলে থাকা দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুজন শেখ (২৬) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে অধিদপ্তরের উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.