রাসেল আহমেদ,খুলনা ব্যুরো : যে বয়সে বই-খাতা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই এক ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে ৯ বছরের অরিনা সাফা। টানা ৪০ দিনের পরিশ্রমে নিজের হাতে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা লিখেছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী। এবার নিজের হাতে লেখা সেই কোরআন শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে সে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে কোরআন শরীফটি তুলে দেয় অরিনা। নিজের হাতে লেখা পবিত্র ধর্মগ্রন্থ দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে ভীষণ আনন্দিত সে।
অরিনা সাফা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ৯ বছর বয়সে ৩০ পারা কোরআন নিজের হাতে লিখে ফেলা তার জন্য যেমন বিশেষ অর্জন, তেমনি সেই কোরআন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মুহূর্তটিও তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলে, প্রথমে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও হচ্ছিল। তবে কথা শুরু হওয়ার পর সেই জড়তা আর থাকেনি। প্রধানমন্ত্রী তার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেছেন। মনে হয়েছে, পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলছেন। সব মিলিয়ে অভিজ্ঞতাটি তার কাছে খুব ভালো লেগেছে।
কেন প্রধানমন্ত্রীকে নিজের হাতে লেখা কোরআন শরীফ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, জানতে চাইলে অরিনা জানায়, প্রধানমন্ত্রী খুলনায় আসছেন শুনে তাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবছিল সে। পরে মনে হয়েছে, নিজের জীবনের সেরা কাজটিই তাকে উপহার দেওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফের চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
নিজের হাতে লেখা কোরআন শরীফ উপহার দেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াতেও খুশি অরিনা। তার ধারণা, উপহারটি পেয়ে প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন।
এই বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অনুসারীদের সঙ্গেও ভাগ করে নিতে চায় সে। অরিনা বলে, ‘ফেসবুকে আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। তাদের দেখাতে পারব, সম্পূর্ণ কোরআন শরীফটি লিখে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি।’
মাত্র ৯ বছর বয়সে ৪০ দিনের সাধনায় হাতে লেখা কোরআন শরীফ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার এই ঘটনা অরিনার জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.