যশোরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট: ০৮:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের মানবিক, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
বুধবার (৪ নভেম্বর-২০২৬) দুপুর সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন, যশোরের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন শুধু অর্থ উপার্জনের মাধ্যম না হয়। বরং নিজেকে একজন মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।






















