নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের ঘোষণা দিয়ে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর-২০২৬) বিকেল ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হয়ে বেনাপোল সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
সমাবেশে শ্রমিক দলের নেতারা বলেন, বেনাপোল স্থলবন্দর ও পোর্ট এলাকায় কেউ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

মিছিলের স্লোগানে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “আপা আপা করিস না, আপা আর আসবে না। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”
তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দর ও পোর্ট এলাকায় কেউ নৈরাজ্য সৃষ্টির চিন্তা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে বেনাপোল স্থলবন্দর এলাকায় শ্রমিক দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.