নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় প্রতারণার মাধ্যমে এক পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে এপিবিএন পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শামীম হোসেন ও আব্দুল্লাহ।
বেনাপোল স্থলবন্দরের এপিবিএন ক্যাম্পে কর্মরত পুলিশের ইনচার্জ (পরিদর্শক) সন্তু বিশ্বাস জানান, ঢাকা থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি যাচাই-বাছাই শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রের মূলহোতা শামীমের নেতৃত্বে ওই যাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পরে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী মার্কেট থেকে শামীম ও আব্দুল্লাহকে আটক করে। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, বেনাপোল চেকপোস্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের সঙ্গে প্রতারণার ঘটনা বন্ধে এপিবিএন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বেনাপোল পোর্ট থানা পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের সামনেই প্রতারক চক্রের সদস্যরা একের পর এক প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, তিনি নতুন যোগদান করেছেন। প্রতারক চক্রের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে থানা পুলিশের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.