নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবার জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান অ্যাপিল ইউএসএর সহযোগিতায় এসব সামগ্রী সরবরাহ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর-২০২৬) দুপুরে যশোর জেলা সার্কিট হাউস মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে চিকিৎসাসামগ্রী তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের ভর্তি রোগীরা যেন এসব চিকিৎসাসামগ্রী যথাযথভাবে ও বিনামূল্যে পান, তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সরবরাহ করা চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাড, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহারের বিভিন্ন সামগ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং সিভিল সার্জন মাসুদ রানা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০০ রোগীর শয্যাসংখ্যার সমপরিমাণ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। বিপুলসংখ্যক রোগীর চাপের পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটের মধ্যেও হাসপাতালটি চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে।
এ অবস্থায় নতুন করে চিকিৎসাসামগ্রী পাওয়ায় হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.