নিজস্ব প্রতিবেদক: যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে (এএমএলএস) অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।
আগামী ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের শীর্ষ নির্বাহী, সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধিত্ব করবেন তিনি।
সম্মেলনের আগে আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিবিষয়ক বিশেষ কর্মশালা ‘ব্রেভ মেন্টাল হেলথ অ্যান্ড রেজিলিয়েন্স ওয়ার্কশপ’। এ কর্মশালায়ও অংশ নেবেন মবিনুল ইসলাম মবিন। উচ্চচাপের কর্মপরিবেশে দায়িত্ব পালনকারী গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ পেশাজীবীদের জন্য আয়োজিত এ কর্মশালায় মানসিক সুস্থতা বজায় রাখা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং পেশাগত চাপ সামলে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে।
বিশ্বব্যাপী সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) আয়োজনে এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে গণমাধ্যমশিল্পের ভবিষ্যৎ, ডিজিটাল রূপান্তর, সংবাদমাধ্যমের অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং পাঠকসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া সংবাদমাধ্যমের জন্য নতুন ব্যবসায়িক মডেল উদ্ভাবন, আয়ের বিকল্প উৎস তৈরি এবং মানসম্মত সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার কৌশল নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগিতা এবং পাঠকের সংবাদ গ্রহণের অভ্যাসে পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কীভাবে কার্যকর ও টেকসই রাখা যায়, তা সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকের অংশগ্রহণ বাড়ানো এবং সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিকতার মান অক্ষুণ্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
দৈনিক গ্রামের কাগজ দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রা, স্থানীয় সমস্যা, জনস্বার্থ, অনিয়ম-দুর্নীতি এবং জবাবদিহিমূলক সাংবাদিকতা নিয়ে কাজ করে আসছে। এ কার্যক্রমে পত্রিকাটি এমআরডিআই, বিবিসি মিডিয়া অ্যাকশন, নেদারল্যান্ডসভিত্তিক ফ্রিপ্রেসের আর্থিক সহায়তায় পরিচালিত উদ্যোগ, সাকমিড ও আর্টিকেল-১৯-এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছে।
মুদ্রিত পত্রিকার পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম, ই-পেপার, ভিডিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গ্রামের কাগজের কার্যক্রম বিস্তৃত হয়েছে। স্থানীয় মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় পত্রিকাটি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকতার এ ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সংবাদমাধ্যমের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন পত্রিকাটির সম্পাদক।
সিঙ্গাপুরে এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও পরিবর্তিত কর্মপদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্রের বাস্তবতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরতে পারবেন মবিনুল ইসলাম মবিন।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের বাস্তবতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় আঞ্চলিক সংবাদপত্রগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিজিটাল রূপান্তর, পাঠকের আস্থা অর্জন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ এবং আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা স্থানীয় সংবাদমাধ্যমের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.