নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৩৬টি শাড়ি, ৮টি থ্রিপিস, ৮টি কম্বল, ১ কেজি কিশমিশ, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি ও ২৪৬টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।
জব্দ করা চোরাচালান পণ্যগুলো আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.