খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি সদরসহ সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
পরিদর্শনকালে তাঁরা খাগড়াছড়ি পৌরসভা এলাকার শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, খাগড়াপুর শ্রীশ্রী অখণ্ডমণ্ডলী পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা, স্বস্তি ও আস্থা নিশ্চিত করতে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.