নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২০২৬) সকাল ১০টায় বেনাপোল পৌরসভার পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
বেনাপোল পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বেনাপোল পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।
তিনি বলেন, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে হবে। খাবার খাওয়ার আগে এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমবে এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ জরুরি। এ ক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান, স্যানিটারি কর্মকর্তা রাশিদা খাতুন, কনজারভেন্সি ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বাজার পরিদর্শক আমজাদ হোসেন, পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম, রনি হোসেন, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হাতের মাধ্যমে রোগজীবাণুর বিস্তার রোধে মানুষকে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.