নিজস্ব প্রতিবেদক: নড়াইলে ফেসবুকে ভুয়া পেজ খুলে স্বল্পমূল্যে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোর্তজা (২৭) ও মো. লিমন মোল্ল্যা (২৭)। মোর্তজা নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে। লিমন মোল্ল্যা একই উপজেলার নারায়ণপুর গ্রামের কামাল মোল্ল্যার ছেলে। তিনি বিকাশের এজেন্ট হিসেবে প্রতারণায় সহায়তা করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ‘বেবি বাইক সপ বিডি’, ‘বেবি বাইক’, ‘কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০’, ‘মিশরীয় মুরগী সেল বাজার ২.০’ ও ‘কম্বল.বিডি’সহ একাধিক নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিতেন। এসব পেজে স্বল্পমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এভাবে প্রতারিত এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ করেন। তাঁর নির্দেশনায় অনলাইন প্রতারণায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিসিআইসি) ইউনিটের একটি দল।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ২টা ৩০ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নড়াইল জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দীন ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই রাকিবুল হাসানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন নামে অনলাইন পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন বলে জানিয়েছেন। এর আগে উল্লিখিত পেজগুলোতে স্বল্পমূল্যে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করেছেন বলেও পুলিশ জানিয়েছে।
গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.