নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার অধীন সব পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর-২০২৬) বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস এবং নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাবু বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করা রাজনীতির অন্যতম লক্ষ্য। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহযোগিতার এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজ উদ্দিন আহম্মেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীলকমল সিংহসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.