চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মো: মাহবুব আলমের সঞ্চালনা ও শাখা সভাপতি মো: আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো: নোমান হোসেন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মো: শহিদুল্লাহ। এসময় স্বাগত জানিয়ে ফুল ও বিভিন্ন মনোমুগ্ধকর গানের মাধ্যমে নবীনদের বরণ করে ছাত্রশিবির। এরপর নবীন শিক্ষার্থীদের পড়ালিখা, শিষ্টাচার, জীবনের লক্ষ্য স্থিরকরণ, ক্যারিয়ার গাইডলাইন ও ভাষা সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের উপর আলোচনা করেন বক্তারা। আলোচনা শেষে বিভিন্ন ছাত্রশিবিরের লোগো সংবলিত উপহার সামগ্রী, বই ও খাবার প্রদান করা হয়। বিভিন্ন আয়োজনের এই নবীনবরণ অনুষ্ঠানে মুগ্ধ হয়ে ওঠে নবীন শিক্ষার্থীরা। এই কলেজে ইতিপূর্বে এমন সুশৃঙ্খল কোন অনুষ্ঠান হয়নি বলেও জানায় তারা।
বিশেষ করে নবীনদের বরণে এমন মনোমুগ্ধকর আয়োজন এটাই প্রথম বলেও মন্তব্য করেন উপস্থিত সকলেই। অনুষ্ঠানে আদিনা কলেজ সাথী শাখা সভাপতি আসমাউল হুসনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৫৫০ জন নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.