খাগড়াছড়ি প্রতিনিধি।। উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন খাগড়াছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় বক্তারা।
তাঁরা বলেন, জেলার প্রাকৃতিক ও মানবসম্পদকে উৎপাদনমুখী কাজে লাগাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এতে স্থানীয় উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
তাঁরা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শুধু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি নয়, সময়, শ্রম ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। ব্যবসা ও শিল্প খাতকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ, খাগড়াছড়ি বিসিকের উপব্যবস্থাপক (অ. দা.) ও শিল্পনগরী কর্মকর্তা মো. আলী আল রাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আবদুল সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.