খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাগুলোর পুনর্চিন্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলা সদরের টিএন্ডটি গেইট সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয়ে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে সংগঠনের জেলা কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাধন কুমার চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সমাজে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। ফলে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক মর্যাদা, মানসিক সুস্থতা ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। প্রবীণদের অভিজ্ঞতা ও জীবনজ্ঞানকে সমাজের সম্পদ হিসেবে বিবেচনা করে তাদের সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘায়ু শুধু বয়স বৃদ্ধির বিষয় নয়; বরং সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই দীর্ঘ জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে প্রবীণবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.