নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
(২৮ সেপ্টেম্বর-২০২৬) রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের মাঝেরপাড়ায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
গ্রেফতার হযরত আলী ফুলসর গ্রামের মাঝেরপাড়ার মৃত জয়নাল আবেদীন বেপারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হযরত আলীকে গ্রেফতার করা হয়। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা উল্লেখ করা হয়েছে।
শার্শা থানা পুলিশের এসআই আশীষ সরকার, এএসআই মো. আজমুল হুদা মিঠু ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেফতার হযরত আলীকে সোমবার (২৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.