নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের শার্শা উপজেলা কলেজের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলম, এএসআই রমজান আলী, এএসআই মো. আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় মো. সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সহিদুল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
অপরদিকে, একই দিন রাতে উপজেলার ডিহি ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মো. ওয়াসিম (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপিনাথপুর গ্রামের আব্দুল আওয়াল অটিস্টিক স্কুলের সামনে গোড়পাড়া-কাঁশিপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিম শার্শা উপজেলার গোপিনাথপুর গ্রামের মোবারক হোসেন ব্যাপারীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, পৃথক অভিযানের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.