নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ভিক্ষাবৃত্তি ত্যাগ করে স্বাভাবিক ও আত্মনির্ভরশীল জীবনে ফিরে আসার লক্ষ্যে দুই শারীরিক প্রতিবন্ধীকে পুনর্বাসিত করেছে উপজেলা প্রশাসন। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তাদের হাতে কর্মসংস্থানের মাধ্যম হিসেবে ভ্যান তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সিরাজুল ইসলাম (৫৫) ও রহিমা খাতুন (৪৫) নামের দুই শারীরিক প্রতিবন্ধীর হাতে ভ্যানের চাবি হস্তান্তর করা হয়। সুবিধাভোগী সিরাজুল ইসলাম উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রহিমা খাতুন ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভ্যান বিতরণকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, "ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। সরকার সমাজের অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষকে সম্মানজনক জীবিকায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। এই পুনর্বাসন কর্মসূচির ফলে উপকারভোগীরা আর ভিক্ষা না করে নিজেদের শ্রমে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভিক্ষুকমুক্ত ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সরকারের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য যোগ্য ব্যক্তিদেরও এ ধরনের সুবিধার আওতায় আনা হবে।
ভ্যান হস্তান্তরের সময় দুই সুবিধাভোগীর মুখে আনন্দের হাসি দেখা যায়। প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা জানান, এই ভ্যান পাওয়ার মাধ্যমে তাদের ভিক্ষাবৃত্তির জীবনের ইতি ঘটল। এখন থেকে তারা নিজের শ্রমে গাড়ি চালিয়ে সৎ উপায়ে সংসার চালাবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.