নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্তে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শার্শা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রুখতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “দেশের সীমানায় মাদক ও সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধ চক্রকে দমন করতে আমাদের এই ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.