শার্শায় দুই সন্তানকে হত্যার পর গ্যাস ট্যাবলেট খেয়ে ভ্যানচালক বাবার আত্মহত্যা
- আপডেট: ০৮:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় দুই সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর-২০২৬) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে নিহত কামাল হোসেনের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন চটকাপোতা গ্রামের বাসিন্দা। মারা যাওয়া তার দুই শিশুসন্তান হলো— সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেন একাধিক বিয়ে করেছিলেন এবং তার মোট সাতটি সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে এই দুই সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে শিশু দুটি বাড়িতে তাদের বাবার সঙ্গেই ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকে কামাল হোসেন প্রথমে তার দুই সন্তানকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে তিনি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভ্যানচালক কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে একই সাথে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শিশু দুটির শরীরে গলায় ফাঁসের যে আলামত মিলেছে, তার প্রকৃত কারণ ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।”
ওসি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ তিনটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।






















