বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট: ১১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬৯টি শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিশমিশ, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















