নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানায়।
চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হলে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে বলেও আশা প্রকাশ করেছে চীনা দূতাবাস।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
এর আগে বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.