গ্রামের সংবাদ ডেস্ক : বাংলাদেশের ২৩ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
কর্নেল অলি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গনতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এর আগে মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপি তড়িঘড়ি করেছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারিত, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।
অলি আহমদ বলেন, কোনো সংসদ সদস্য তার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত। কর্তার ইচ্ছাই কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে, সেখানেই ভোট দিতে হবে।
১১দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ দলের মতামতের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না। বিএনপি ক্ষমতায় এলে তাদের ৩১ দফা অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেয়ার কথা বলেছিল। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, তবে বিএনপি কেন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছে, তা জানা নেই। তারা হয়তো মনে করছে সংশোধন না করে নির্বাচন করলে তাদের প্রার্থী জয়লাভ করবেন আর সংশোধন হয়ে গেলে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, অনেক সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ শতাংশ লোক আমার পক্ষে ভোট দিয়েছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ থেকে ৩০ শতাংশ লোক ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছেন।
প্রেসিডেন্টের ক্ষমতা প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, বঙ্গভবনে তিনটি মাজার ও একটি মসজিদ আছে। এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া প্রেসিডেন্টের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। তবে আগামী দিনে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অলি আহমদ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সুশাসন ও জবাবদিহির জন্য অনেক ছেলেমেয়ে জীবন দিয়েছেন। সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হলে দেশের মানুষ সুখেশান্তিতে বসবাস করতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.