নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা কলেজে নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
কমিটির সভাপতি করা হয়েছে শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. খায়রুজ্জামান মধুকে।
অনুমোদিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল ওহাব এবং অভিভাবক সদস্য হিসেবে মো. মিজানুর রহমান। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান।
গত ১৮ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
বোর্ডের পত্রে বলা হয়েছে, ২৯ মার্চ ২০২৬ তারিখের অনুমতির পরিপ্রেক্ষিতে এবং ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে।
নির্ধারিত ছয় মাসের মধ্যে ২০২৪ সালের সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করে কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ সালের নির্দেশনার কথা উল্লেখ করে বোর্ডের পত্রে বলা হয়েছে, এডহক কমিটি কোনোভাবেই কলেজে শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
এ ছাড়া অনুমোদিত এডহক কমিটি পরিবর্তনের ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্টদের অবহিত করতে কলেজের অধ্যক্ষের কাছে পত্রের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.