নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন পলাতক এক আসামিকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে র্যাব-৬, যশোর ও র্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ফারুক শেখ (৩৫)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মো. সদর আলী শেখের ছেলে। র্যাবের দাবি, তার বিরুদ্ধে আগে একটি পর্নোগ্রাফি মামলা রয়েছে। এছাড়া আরও তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নড়াইলের কালিয়া থানার জয়পুর এলাকায় সংঘটিত ডাকাতির মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন পলাতক আসামি ফারুক শেখকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৮ জুলাই) রাত সাড়ে ২টার দিকে জয়পুর এলাকায় খন্দকার সফিকুল ইসলামের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা বাড়ির দক্ষিণ পাশের কেচি গেটের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাড়ির বাসিন্দাদের মারধর করা হয় এবং একজনকে রামদা দিয়ে আঘাত করে জখম করা হয়।
ডাকাতরা ভুক্তভোগী সোনিয়া সুলতানা ও তার ১৪ বছর বয়সী মেয়ে সায়মা খানমের কান থেকে জোরপূর্বক দুই জোড়া সোনার কানের দুল ছিনিয়ে নেয়। এতে তাদের কান ছিঁড়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া পাশের কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা, দুটি সোনার চেইন, তিনটি সোনার আংটি ও আনুমানিক ২ ভরি ৯ আনা সোনা এবং একটি ভিভো স্মার্টফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া সুলতানা বাদী হয়ে নড়াইলের কালিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। মামলাটির তদন্তে ফারুক শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারে অভিযান চালায় র্যাব।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফারুক শেখকে ঢাকার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.