নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুম।
দিবসটি উপলক্ষে কর্মসূচির শুরুতে বেনাপোলে জুলাই শহীদ আব্দুল্লার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শার্শা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশগ্রহণকারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক একেএম নুরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার একমাত্র জুলাই শহীদ আব্দুল্লার মা মারিয়া বেগম এবং তার দুই ভাই। এ সময় শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.