নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বার (চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার(৫ আগস্ট-২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তি মো. ফারুক (৩০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকাসহ মোট জব্দকৃত মালামালের (সিজার) মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.