আন্তর্জাতিক ডেস্ক : গ্যাসের ভর্তুকির টাকা দেখতে গিয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না কাশ্মীরা শেখ। অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখা গেল তার হিসাবে ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা জমা রয়েছে।
এ ঘটনায় শুরু হয়েছে তদন্ত। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এই অস্বাভাবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাসের ভর্তুকির টাকা জমা হয়েছে কি না দেখতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০০ কোটি টাকা দেখে হতবাক গৃহবধূ কাশ্মীরা শেখও।
৩৬ বছর বয়সী কাশ্মীরা শেখের স্বামী পেশায় দর্জি। সংসারে সহায়তা করতে তিনি নিজেও জরি-এমব্রয়ডারির কাজ করেন। একটি ছোট ঘরে বসবাস করা এই পরিবারের কাছে এমন বিপুল অঙ্কের টাকা দেখার ঘটনা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। এই খবরে ব্যাংক কর্মকর্তারাও বিস্মিত হন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরা শেখের অ্যাকাউন্টটি সাময়িক ফ্রিজ করে দেওয়া হয়। ফলে পরিবারের একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকায় সমস্যায় পড়েন তারা।
ব্যাংকের ধারণা, প্রযুক্তিগত ত্রুটির কারণেই অ্যাকাউন্টে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। টাকার উৎস এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়, সপ্তাহ আগে কলকাতার বেলেঘাটায় ক্লাউড কিচেন ব্যবসায়ী নূপুর গুপ্তার অ্যাকাউন্টেও হঠাৎ ৪৭ কোটি টাকা জমা দেখানো হয়। সেই ঘটনাতেও ব্যাংক, পুলিশ ও আয়কর বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র : আজতক
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.