নিজস্ব প্রতিবেদক: বিজিবির সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শার্শা থানার তিনজনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, দুটি ওয়াকিটকি, দুটি হাতকড়াসহ দেশীয় অস্ত্র ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট-২০২৬) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক, ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাসার দরজায় কড়া নাড়া হলে ভেতর থেকে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুজনও নিজেদের বিজিবির সদস্য বলে দাবি করেন।
পুলিশ জানায়, পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এবং সন্দেহজনক আচরণ করতে থাকেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, তারা বিজিবির সদস্য নন। অভিযোগ রয়েছে, তারা বিজিবির সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এরপর তল্লাশি চালিয়ে মো. উজ্জ্বল হোসেনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি (ওয়্যারলেস সেট), একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন শার্শা থানার গোগা গাজীপাড়া গ্রামের মো. উজ্জ্বল হোসেন (৩০), হরিশচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মো. তোফাজ্জেল হোসেন (৩০)।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে আগে পাঁচটি এবং মো. তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আটক তিনজনকে রোববার (২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.