নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।
এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না দিলেও দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তরিকুল ইসলাম। নিজ উদ্যোগে ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সহযোগিতা, বিভিন্ন মসজিদের উন্নয়ন এবং মাদ্রাসা পরিচালনায় আর্থিক সহায়তা দিয়েছেন বলে স্থানীয়দের দাবি।
এ ছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসচ্ছল ও অসুস্থ মানুষের চিকিৎসায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলেও জানান স্থানীয়রা।
তরিকুল ইসলাম বলেন, "আমি ক্ষমতার জন্য চেয়ারম্যান হতে চাই না। আমার লক্ষ্য নিজামপুর ইউনিয়নের মানুষের সেবা করা। ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, আমি সেখানে পাশে থাকতে চাই।"
তিনি আরও বলেন, "তারেক রহমানের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার।"
এদিকে, নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তরিকুল ইসলাম এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররাই তাঁদের ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় তরিকুল ইসলামও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.