নিজস্ব প্রতিবেদকঃ সীমান্ত শহর বন্দর নগরী বেনাপোলকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে শুরু হয়ে বলফিল্ড ও বেনাপোল কলেজ-সংলগ্ন বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ কর্মসূচির নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বেনাপোল গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজ অর্থায়নে গত ২৪ জুলাই থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
তিনি আরও জানান, চার দিনের এ কর্মসূচিতে ইতোমধ্যে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে মোট ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করেও একটি স্থায়ী সবুজ পরিবেশ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল সবুর, বিএনপি নেতা রওশন আলী, আমির হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিয়ার মল্লিক, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলী, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকদের মতে, বৃক্ষরোপণের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব বেনাপোল গড়ে তুলতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও এ উদ্যোগ চলমান থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ ফকির আহমেদ এবং একই ওয়ার্ডের পৌর যুবদলের সদস্য সচিব অসুস্থ রায়হানুজ্জামান দিপুকে দেখতে তাদের বাসভবনে যান। এ সময় তিনি অসুস্থ দুই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.