নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের নাভারণ গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন দ্বিতীয়বারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই আইনগত দায়িত্বে পুনরায় নিয়োগ পাওয়ায় নিজ এলাকা ছাড়াও যশোরের আইনজীবী মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপনে আগের সব নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ওই তালিকায় স্থান পান অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন।
মো. উজ্জ্বল হোসেনের শিক্ষাজীবন শুরু হয় যশোরের স্বনামধন্য নাভারণের আকিজ কলেজিয়েট স্কুলে। সেখান থেকে এসএসসি পাসের পর তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় আত্মনিয়োগ করেন। কর্মজীবনে তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইন অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অসচ্ছল শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, ওষুধ ও অর্থ সহায়তা, প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।
এ ছাড়া দলীয় নেতাকর্মীসহ আইনগত সহায়তার প্রয়োজন এমন অনেক মানুষের পাশে থেকেছেন বলেও জানা যায়। স্থানীয়দের মতে, প্রায় ১৬ বছর ধরে তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দ্বিতীয়বারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় নাভারণসহ ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে মো. উজ্জ্বল হোসেন ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একাধিক দফায় আইন কর্মকর্তাদের পদত্যাগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ ৩০ জুলাই ২০২৬ জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.