নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানায় অভিযান চালিয়ে ১২২ বোতল এসকাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই-২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাদবপুর গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে রায়হান মিয়াকে (২৮), গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতের বসতবাড়ির খড়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১২২ বোতল এসকাফ সিরাপ এবং পাঁচটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত রায়হান মিয়ার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.