খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, কার্যকর নীতিগত সংস্কার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত "পার্বত্য চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইন" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণ শুধু নারী-পুরুষ বৈষম্য নয়, বরং ক্ষমতার অসম বণ্টন। আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থাপিত পলিসি ব্রিফে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ভৌগোলিক দুর্গমতা, সামাজিক বৈষম্য, সেবার অপ্রতুলতা ও নীতিগত সীমাবদ্ধতার কারণে নারী, কন্যাশিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও প্রতিবন্ধী নারীরা বেশি সহিংসতার ঝুঁকিতে রয়েছেন।
বক্তারা জেলা ও উপজেলা পর্যায়ে ভুক্তভোগীকেন্দ্রিক সেবা সম্প্রসারণ, দ্রুত বিচার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং পার্বত্য চট্টগ্রামভিত্তিক কার্যকর নীতি ও বাজেট নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি উন্নয়ন সহযোগী, এনজিও, সিএসও-সিবিও নেটওয়ার্ক এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.