নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় মাদক ব্যবসায়ী সজিব মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজিব মিয়া কোটালীপাড়া থানার থানারপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে ৩ হাজার ৯৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.