নিজস্ব প্রতিবেদক: গতানুগতিক পুলিশিং ব্যবস্থার বাইরে এসে সততা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর তথ্যভিত্তিক পুলিশিং গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (২৬ জুলাই-২০২৬) খুলনা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের কল্যাণ, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশিং ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে সততা, পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভরতা ও তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য সব কর্মকর্তা ও সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় জনগণের আস্থা অর্জনে পুলিশি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। পাশাপাশি আধুনিক, জনবান্ধব ও তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আনাম, বিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.