Lনিজস্ব প্রতিবেদক: খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি খালি কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন নাজিম ওরফে নাদিম (৩০) এবং মো. মাসুদ রানা (৩৭)।
নাজিমের বাড়ি আমতলা এবং মাসুদ রানার বাড়ি ইসলামপাড়া গ্রামে। উভয়ের বাড়ি খুলনা জেলার লবণচরা থানায়।
র্যাব জানায়, অভিযানের সময় নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাদের উদ্ধারকৃত আলামতসহ খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৬ জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.