নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের যশোর কোতোয়ালী মডেল থানার নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি মো. সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি সাতক্ষীরা সদর থানার নলকুড়া-লাবসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকাসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.