নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ খাতের অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিজিএমইএর নেতারা তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং খাতটির স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে ব্যবসায়ীদের সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধানে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর যেসব বিষয় দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলোতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন সম্পন্ন হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং সমৃদ্ধির পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বিজিএমইএর নেতাদের উদ্দেশে বলেন, “পোশাক শিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাও আমাদের দায়িত্ব।”
বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.