নিজস্ব প্রতিবেদক: বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামিকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার এক আসামি যশোরে এসে আত্মগোপন করেছিলেন।
গোয়েন্দা তথ্য ও দক্ষ অনুসন্ধানের মাধ্যমে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে তার অবস্থান শনাক্ত করে সফলভাবে তাকে গ্রেপ্তার করেন।
এ ছাড়া উপশহর পুলিশ ক্যাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেন। অভিযানে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
পুলিশ সূত্র আরও জানায়, যশোরের একটি আলোচিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অলোক কুমার দে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পুলিশের আরও ৩৫ জন সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.