নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির ড্রাইভার আমিরুল, হেলপার নিরব ও মোটরসাইকেল থাকা রুবেল গুরুতর আহত হয়েছেন। বর্তমাণে তারা তিনজনই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের গোগা টু রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।
দুর্ঘটনায় আহত রুবেল (৩০) দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে। এ ছাড়াও আহত ট্রলির ড্রাইভার আমিরুল ও হেলপার নিরব দুইজন রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার পর সকালে উষা, নাহিদ ও রুবেল তিন বন্ধু মিলে একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে আসছিলেন। অন্যদিকে ইটভাটা থেকে ইট বহনের উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল।
এ সময় রুদ্রপুর সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুবেল, ট্রলি চালক আমিরল, ও হেলপার নিরবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
শার্শা থানার ওসি শামিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামের সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত অ্যাপাচি মোটর সাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.