নিজস্ব প্রতিবেদক: খুলনার বহুল আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ও ভিকটিমের বাবা মো. আলীম হোসেন ওরফে আকাশকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।
শনিবার (১৮ জুলাই-২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড গ্রামের মীর সোহরাব হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত (৮ জুলাই) রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে ভিকটিমের বাবা আলীম হোসেন আকাশের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মাদক এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.