নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ০৮ বছর বয়সী শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ নুরুল হক নুরু (৪০) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই-২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল হক নুরু শার্শা থানার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শার্শা থানার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ জামের আলী ও তার স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন দুজনেই বাক ও শারীরিক প্রতিবন্ধী।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুনকে (০৮) একা পেয়ে প্রতিবেশী নুরুল হক নুরু তার দোচালা টালীর ঘরে নিয়ে যায়। সেখানে ফাতেমার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় নুরু। পরবর্তীতে ভিকটিম ফাতেমা ঘটনাটি তার চাচী মোছাঃ রুপা খাতুনকে বিস্তারিত জানায়।
ঘটনার বিবরণ শুনে ভিকটিমের চাচী মোছাঃ রুপা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০৫ মিনিটে (১৭ জুলাই) শার্শা থানায় হাজির হয়ে নুরুল হক নুরুকে একমাত্র আসামি করে একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাতভর অভিযান চালান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে শাড়াতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি নুরুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতার সাথে আসামিকে গ্রেফতার করেছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
ভিকটিমের পরিবারের আইনি সুরক্ষায় পুলিশ পাশে রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.