আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার রাতে (১১ জুলাই) একটি জাহাজ নির্ধারিত নৌপথ অমান্য করে এবং নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ রাখে, যা সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে। পরে সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজটিকে থামায় আইআরজিসি নৌবাহিনী। এই ঘটনার পরপরই রোববার ভোরে (১২ জুলাই) আইআরজিসি এক বিবৃতিতে হরমুজ প্রণালি "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" বন্ধ ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা তাদের ভাষায় 'অবৈধ নৌপথ' ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিবৃতিতে আরও দাবি করা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে।
আইআরজিসি জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ভেতরে নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম—চলতি সপ্তাহে যা তৃতীয় দফার হামলা। অর্থাৎ গত ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটে যাওয়া এই পুরো ঘটনাক্রমে জুনের মাঝামাঝি হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) আরও বড় ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.