নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
এ ছাড়া তিনি বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণসামগ্রীর মজুত এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন তিনি। তার দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.