খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিতে সমাজসেবক ও মারমা সম্প্রদায়ের সুপরিচিত মুখ ম্রাসাথোয়াই মারমা-কে আহ্বায়ক, ক্ষেত্র মোহন রোয়াজা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দোলন দাস-কে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজন কান্তি সরকার ও মহাসচিব তপন কুমার বসু মিত্র স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জেলার বহুমাত্রিক সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন ঘটে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা কমিটি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার সংরক্ষণ, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি লালন, শিক্ষা ও মানবিক উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
নবনিযুক্ত আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, “খাগড়াছড়ি সম্প্রীতির জেলা। সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সংগঠনকে জনকল্যাণমূলক ও মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনিযুক্ত আহ্বায়কসহ কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে খাগড়াছড়িতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী হবে এবং সম্প্রীতি রক্ষা ও মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ম্রাসাথোয়াই মারমা দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জেলার মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। নতুন এই দায়িত্বের মাধ্যমে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.